Advanced search options
আরও এক ধাপ এগোল ‘বিক্রম’

শুক্রবার স্বয়ংক্রিয় ভাবে নিজের গতি কিছুটা কমিয়েছে ‘বিক্রম’। জানা গিয়েছে, চাঁদের উপবৃত্তাকার কক্ষপথে ঢোকার জন্যই এই গতি কমানোর কৌশল। ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর টুইটার হ্যান্ডল (অধুনা এক্স) থেকে জানা গেছে, ল্যান্ডারের স্বাস্থ্য এখনও অবধি ভাল রয়েছে এবং চন্দ্রপৃষ্ঠে অবতরণের পথে যাবতীয় পরিকল্পনা সফল হয়েছে। ল্যান্ডার ‘বিক্রমে’র সঙ্গে লাগানো বেশ কিছু স্বয়ংক্রিয় ক্যামেরার মধ্যে একটি ক্যামেরা থেকে চন্দ্রপৃষ্ঠের ছবি তুলে ধরেছে সে। সেই ছবির কোলাজ শুক্রবার দুপুরে ইসরোর তরফে টুইট করা হয়। ইসরোর তরফে জানানো হয়েছে, রবিবার দুপুর ২টো নাগাদ আরও এক বার গতি নিয়ন্ত্রণ করবে বিক্রম। বৃহস্পতিবার চন্দ্রযানের মূল অংশ থেকে ল্যান্ডার আলাদা হয়ে গিয়েছে। আগামী বুধবার ল্যান্ডার ‘বিক্রম’-এর পাখির পালকের (সফ্ট ল্যান্ডিং) মতো চাঁদে নামার কথা। বৃহস্পতিবার চন্দ্রযান-৩ থেকে ‘বিক্রম’ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পরেই আনুষ্ঠানিক ভাবে চন্দ্রপৃষ্ঠে অবতরণের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আগামী ২৩শে অগস্ট চাঁদের মাটি স্পর্শ করবে ল্যান্ডার - ইসরো আগে থেকেই ঘোষণা করে রাখলেও অনেকেই মতে, নির্ধারিত সময়ের আগে চাঁদে নেমে পড়তে পারে ‘বিক্রম’।